২০২৬ সালের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার প্রতিযোগিতার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ২০২৬ সালের ‘ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ প্রতিযোগিতার জন্য ১০০টি ছবির একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। বিশ্বের ১২১টি দেশ ও অঞ্চল থেকে আসা ৬৫ হাজারেরও বেশি এন্ট্রির মধ্য থেকে বিচারকরা এই ছবিগুলো নির্বাচন করেছেন। তালিকায় থাকা উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে বরফের স্তরের ছিদ্র দিয়ে উঁকি দেওয়া একটি মেরু ভাল্লুক, মৃত কুমিরের ওপর দাঁড়িয়ে থাকা কালো শকুন, গণ্ডারের চামড়ায় ঠোঁট পরিষ্কার করা অক্সপেকার পাখি এবং প্রজাপতি শিকারের চেষ্টায় থাকা আফ্রিকান বুলফ্রগ।

প্রতিযোগিতার জুরি বোর্ডের প্রধান ক্যাথি মোরান এক বিবৃতিতে বলেন, প্রতি বছরই তিনি মনে করেন প্রতিযোগিতার মান আর উন্নত হওয়ার সুযোগ নেই, কিন্তু প্রতিবারই তিনি ভুল প্রমাণিত হন। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের পরিচালক ডগ গুর এই ছবিগুলোকে ‘অসাধারণ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, প্রকৃতি বর্তমানে চরম চাপের মুখে রয়েছে এবং এই আলোকচিত্রগুলো আমাদের মনে করিয়ে দেয় যে, কী ঝুঁকির মুখে আছে এবং কী রক্ষা করা প্রয়োজন।

গুর আশা প্রকাশ করেন যে, প্রদর্শনীটি দেখার পর দর্শকরা আমাদের এই অবিশ্বাস্য গ্রহের প্রতি নতুন করে বিস্ময় অনুভব করবেন। আগামী ১৩ অক্টোবর চূড়ান্ত বিজয়ী ও বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর ১৬ অক্টোবর থেকে মিউজিয়ামে এই ছবিগুলোর প্রদর্শনী শুরু হবে, যা আগামী বছরের ১১ জুলাই পর্যন্ত চলবে।