চারদিকে নীল সমুদ্র, কোথাও সাদা বালুর সৈকত, কোথাও আবার হিমশীতল বাতাসে ঘেরা পাথুরে ভূমি। পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা দ্বীপগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, নিজস্ব ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও শতাব্দীপ্রাচীন ঐতিহ্যের কারণেও মানুষের কাছে বিশেষ আকর্ষণের জায়গা।
গ্রিনল্যান্ড থেকে দক্ষিণ প্রশান্ত মহাসাগর, ক্যারিবিয়ান থেকে কেপ ভার্দে কিংবা ফিজি পর্যন্ত প্রতিটি দ্বীপই যেন আলাদা এক জগৎ। দীর্ঘদিন মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকার কারণে এসব স্থানে গড়ে উঠেছে এমন কিছু ভাষা ও জীবনধারা, যা পৃথিবীর অন্য কোথাও সহজে দেখা যায় না।
বিচ্ছিন্নতাই গড়ে তুলেছে স্বতন্ত্র সংস্কৃতি
বিমান যোগাযোগ ও ইন্টারনেট সহজলভ্য হওয়ার বহু আগে দূরবর্তী দ্বীপে পৌঁছানোর একমাত্র উপায় ছিল জাহাজ কিংবা ছোট নৌযান। ফলে মূল ভূখণ্ডে নতুন ধারণা ও সংস্কৃতি দ্রুত ছড়িয়ে পড়লেও দ্বীপগুলোর সমাজ অনেকটা নিজেদের মতো করেই বিকশিত হয়েছে।
এই দীর্ঘ বিচ্ছিন্নতার প্রভাব আজও দেখা যায় স্থানীয় ভাষা, গান, শিল্প, উৎসব ও দৈনন্দিন জীবনে।
গ্রিনল্যান্ডে একই দ্বীপে তিন ভাষার রূপ
বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড। বিশাল বরফাচ্ছাদিত এই অঞ্চলের জনসংখ্যা প্রায় ৬০ হাজার। কিন্তু এত কম মানুষের মধ্যেও রয়েছে তিনটি স্বতন্ত্র ভাষাগত ধারা।
এগুলো হলো উত্তর গ্রিনল্যান্ডের ইনুকতুন, পশ্চিমাঞ্চলের কালাল্লিসুত এবং পূর্বাঞ্চলের তুনুমিত ওরাসিয়াত।
রাজধানী নুকসহ বড় শহরগুলোতে অধিকাংশ মানুষ কালাল্লিসুত ভাষায় কথা বলেন। অন্যদিকে পূর্ব গ্রিনল্যান্ডে মাত্র কয়েক হাজার মানুষ এখনো তুনুমিত ওরাসিয়াত ব্যবহার করেন। স্থানীয়রা ভাষাটিকে টিকিয়ে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কেপ ভার্দেতে দ্বীপ বদলালেই বদলে যায় ভাষা
পশ্চিম আফ্রিকার উপকূলে আটলান্টিক মহাসাগরে অবস্থিত কেপ ভার্দে ১০টি আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত। দেশটি ১৯৭৫ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
দ্বীপগুলোতে আফ্রিকান ও পর্তুগিজ সংস্কৃতির মিশ্রণে গড়ে উঠেছে আলাদা সামাজিক পরিচয়। বিস্ময়কর বিষয় হলো, উত্তর ও দক্ষিণের দ্বীপগুলোর উপভাষায় এতটাই পার্থক্য যে অনেক সময় এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের ভাষা বুঝতে পারেন না। জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠকে তাই পর্তুগিজ ভাষা ব্যবহার করা হয়।
শিস দিয়েই চলে কথোপকথন
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের লা গোমেরা দ্বীপে রয়েছে বিশ্বের সবচেয়ে ব্যতিক্রমী যোগাযোগ পদ্ধতিগুলোর একটি, যার নাম সিলবো গোমেরো।
দ্বীপটির পাহাড়, গভীর উপত্যকা ও দুর্গম ভূপ্রকৃতির কারণে একসময় রাখালদের দূর থেকে কথা বলা কঠিন ছিল। মোবাইল ফোনের যুগ আসার বহু আগে তারা বিশেষ ধরনের শিসের মাধ্যমে উপত্যকার এক পাশ থেকে অন্য পাশে বার্তা পাঠাতেন।
এই শিসভিত্তিক ভাষা আজও স্থানীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ এবং ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে।
উৎসবেই জীবন্ত হয়ে ওঠে ক্যারিবিয়ান দ্বীপগুলো
ক্যারিবিয়ান অঞ্চলের প্রায় প্রতিটি দ্বীপেরই রয়েছে নিজস্ব উৎসব ও উদ্যাপনের দিন। বাহামাসের জাঙ্কানু থেকে শুরু করে ত্রিনিদাদ ও টোবাগো, সেন্ট লুসিয়াসহ বিভিন্ন দ্বীপের কার্নিভাল স্থানীয় মানুষের জীবনে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়োজনগুলোর মধ্যে পড়ে।
ঝলমলে পোশাক, স্টিল ড্রাম, নাচ এবং সোকা সংগীত এসব উৎসবকে করে তোলে প্রাণবন্ত। তবে এগুলো শুধুই বিনোদন নয়, প্রতিটি উৎসবের পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস ও সামাজিক পরিচয়ের গল্প।
প্রশান্ত মহাসাগরে যুদ্ধনৃত্যের ঐতিহ্য
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলোতেও নাচ ও সংগীত সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এর মধ্যে সবচেয়ে পরিচিত নিউজিল্যান্ডের মাওরি জনগোষ্ঠীর হাকা।
একসময় যোদ্ধারা নিজেদের শক্তি, ঐক্য ও সাহস প্রকাশের পাশাপাশি প্রতিপক্ষকে ভয় দেখাতে এই নৃত্য ব্যবহার করতেন। বর্তমানে রাগবি ম্যাচসহ নানা আনুষ্ঠানিক আয়োজনে হাকা পরিবেশন করা হয়।
টোঙ্গা, সামোয়া ও অন্যান্য পলিনেশীয় দ্বীপেও একই ধরনের ঐতিহ্যবাহী নৃত্যের নিজস্ব সংস্করণ রয়েছে।
ফিজিতে আজও শক্তিশালী গ্রামের বন্ধন
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ফিজি ৩০০টির বেশি দ্বীপ নিয়ে গঠিত। আধুনিকতার মধ্যেও দেশটির বহু অঞ্চলে ঐতিহ্যবাহী গ্রামীণ জীবন এখনো দৃঢ়ভাবে টিকে আছে।
এখানে অনেক মানুষের জীবনে গ্রামই সামাজিক কাঠামোর কেন্দ্রবিন্দু। প্রজন্মের পর প্রজন্ম একসঙ্গে বসবাস করে পরিবারগুলো। শুধু সম্পদ নয়, দায়িত্বও ভাগ করে নেয় তারা।
গ্রামের বৈঠকে বিভিন্ন কাজ বণ্টন করা হয় এবং শিশুদেরও নির্দিষ্ট সামাজিক দায়িত্ব থাকে। পারস্পরিক সহযোগিতার এই সংস্কৃতিই ফিজির জীবনধারাকে অন্য অনেক জায়গা থেকে আলাদা করেছে।
সৌন্দর্যের চেয়েও বড় আকর্ষণ সংস্কৃতি
দ্বীপ বলতেই অনেকের চোখে ভেসে ওঠে সৈকত, রিসোর্ট ও নীল সমুদ্র। কিন্তু এসব জায়গার প্রকৃত আকর্ষণ শুধু প্রাকৃতিক সৌন্দর্যে সীমাবদ্ধ নয়।
শতাব্দীর পর শতাব্দী ধরে বিচ্ছিন্নভাবে গড়ে ওঠা ভাষা, উৎসব, সংগীত, পারিবারিক বন্ধন ও জীবনযাপন পদ্ধতিই দ্বীপগুলোকে পৃথিবীর অন্য অঞ্চল থেকে আলাদা করে তুলেছে।
আর সেই স্বতন্ত্র পরিচয়ই হয়তো পৃথিবীর দ্বীপগুলোকে এত রহস্যময়, আকর্ষণীয় ও স্মরণীয় করে রেখেছে।

