সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন প্রাণ হারিয়েছেন। ২২ আগস্ট শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় তেলবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন এবং তাদের মধ্যে শিশুও রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী তেলবাহী ট্রাকটির (ঢাকা মেট্রো-ঢ ৪৪-০৬৫৪) সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির (মৌলভীবাজার-থ ১১-৮৩৫৩) সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পুলিশ জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় ৫ থেকে ৬ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এবং হাইওয়ে পুলিশের শেরপুর থানার ওসি আনিসুর রহমান। পুলিশ বর্তমানে পুরো বিষয়টি তদন্ত করছে। উল্লেখ্য, এর আগে গত ৭ আগস্ট একই মহাসড়কের ওসমানীনগরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হয়েছিলেন। একের পর এক এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

