৪০তম ফোবানা কনভেনশন ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
শনিবার দুপুরে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান ফোবানা হোস্ট কমিটির কনভেনর ড. জয়নুল আবেদীন, টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম এবং অন্যান্য আয়োজকরা। এ সময় লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাবেদ ইকবাল, ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু, সাধারণ সম্পাদক এম. ওয়াহিদ রহমান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মুনিম, সাধারণ সম্পাদক লায়েক আহমেদ এবং বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেস (বাফলা)-এর সাধারণ সম্পাদক নাসির সৈয়দ জেবুলসহ স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটিতে অবস্থিত ইউনিভার্সাল হিলটন হোটেলে এই তিন দিনব্যাপী কনভেনশন অনুষ্ঠিত হবে। ভেন্যুর ঠিকানা ৫৫৫ Universal Hollywood Drive, Universal City, California। এবারের আয়োজনের হোস্ট সংগঠন হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তিন দিনের এই বর্ণাঢ্য আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত ও নৃত্য পরিবেশনা, বিভিন্ন প্রতিভা প্রদর্শন, যুব কার্যক্রম, সম্মাননা প্রদান এবং কমিউনিটি গ্যাদারিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও থাকবে খাবার, পরিবারকেন্দ্রিক নানা আয়োজন ও বিভিন্ন কর্মশালা।
উত্তর আমেরিকার বাংলাদেশি কমিউনিটির অন্যতম বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে ফোবানা দীর্ঘদিন ধরে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতিবছর যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রবাসীরা এই কনভেনশনে অংশ নেন।
৪০তম ফোবানা কনভেনশনে বাংলাদেশ সরকারের একজন মন্ত্রীর প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। মন্ত্রীর উপস্থিতি ঘিরে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

