প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ৪০তম ফোবানা কনভেনশন ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের পথে রওনা হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় এই মহাসম্মেলনটি আগামী ৪ থেকে ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটিতে অবস্থিত ‘ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে’ অনুষ্ঠিত হবে। সম্মেলনের প্রথম দিন ৪ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে এবং সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান অতিথি হিসেবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী তার বক্তব্য প্রদান করবেন।
সফরসূচি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের মেয়রের সঙ্গে একটি বিশেষ বিজনেস লাঞ্চে অংশ নেবেন মন্ত্রী। সম্মেলন শেষে আগামী ৮ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

