গত জুলাই মাসে দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস বেনফোল্ড ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়ে। প্রায় ১০ হাজার টন ওজনের এই যুদ্ধজাহাজটি টানা চার দিন বিদ্যুৎহীন অবস্থায় ছিল। এই সময়ে জাহাজটিতে টয়লেট, রান্নাঘর, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সুপেয় পানির সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়। মার্কিন সপ্তম নৌবহরের মুখপাত্র কমান্ডার ম্যাথিউ কোমার জানিয়েছেন, ২৪ জুলাই নিয়মিত অভিযানের সময় জাহাজটির জেনারেটরে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
তীব্র গরমের মধ্যে এই পরিস্থিতির শিকার হলেও জাহাজের কোনো নাবিক আহত হননি। কমান্ডার কোমার জানান, প্রতিকূল পরিস্থিতিতে নাবিকরা যে ধৈর্য, পেশাদারিত্ব এবং অবিচল মানসিকতার পরিচয় দিয়েছেন তা প্রশংসনীয়। এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ইউএসএনআই নিউজের তথ্য অনুযায়ী, ঘটনার সময় দক্ষিণ চীন সাগরে দিনের তাপমাত্রা ছিল ৩২ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছিল।
জাহাজটির বিদ্যুৎ ব্যবস্থা সচল করতে সহায়তার হাত বাড়িয়ে দেয় ইউএসএস রবার্ট স্মলস নামের আরেকটি মার্কিন যুদ্ধজাহাজ। তারা বেনফোল্ডের নাবিকদের জন্য রান্না করা খাবার সরবরাহ করে। এছাড়া জাপানভিত্তিক ইউএসএস জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অন্যান্য জাহাজগুলোও প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। পরবর্তীতে জাহাজটিকে ফিলিপাইনের সুবিক বে-তে নিয়ে যাওয়া হয় এবং ৮ আগস্ট মেরামত শেষে এটি পুনরায় কর্মক্ষম হয়ে ওঠে।
মার্কিন নৌবাহিনীর এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন ইরান যুদ্ধ এবং বিশ্বজুড়ে বিভিন্ন সামরিক দায়বদ্ধতার কারণে নৌবাহিনীর ওপর প্রচণ্ড চাপ বাড়ছে। বিশ্লেষক ও ডেমোক্রেটিক আইনপ্রণেতারা সতর্ক করে বলেছেন, অতিরিক্ত দায়িত্বের চাপে মার্কিন নৌবাহিনী এখন বেশ চাপের মুখে রয়েছে। এর আগে মে মাসে ইউএসএস হিগিন্স নামের আরেকটি ডেস্ট্রয়ারও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বিদ্যুৎ ও প্রপালশন ব্যবস্থা হারানোর মতো যান্ত্রিক ত্রুটির শিকার হয়েছিল।
অবসরপ্রাপ্ত মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন কার্ল শুস্টার জানান, বিদ্যুৎহীন অবস্থায় যুদ্ধজাহাজে থাকা অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, এ সময় কমান্ডিং অফিসার ও নাবিকদের আবহাওয়া, খাদ্য এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তায় থাকতে হয়। পুয়ের্তো রিকোর কাছে চার ঘণ্টা বিদ্যুৎহীন থাকার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, দক্ষিণ চীন সাগরে চার দিন বিদ্যুৎহীন থাকা তার চেয়েও অনেক বেশি কষ্টসাধ্য।
ইউএসএস বেনফোল্ড আর্লে বার্ক-শ্রেণির একটি ডেস্ট্রয়ার, যা মার্কিন নৌবাহিনীর অন্যতম প্রধান শক্তি হিসেবে পরিচিত। প্রায় ৫০০ ফুট দীর্ঘ এই জাহাজগুলোতে সাধারণত ৩২৯ থেকে ৩৫৯ জন নাবিক থাকেন। বর্তমানে ইউএসএস জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করেছে, যেখানে তারা ইউএসএস আব্রাহাম লিংকনের স্থলাভিষিক্ত হবে। তবে বেনফোল্ডকেও সেই বহরের সাথে পাঠানো হয়েছে কি না, তা নিয়ে নৌবাহিনী তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি।
ইউএসএনআই নিউজের প্রতিবেদন অনুযায়ী, মেরামত সম্পন্ন হওয়ার পর জাহাজটি বর্তমানে জাপানে পৌঁছেছে। মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক কমান্ডের আওতাধীন এলাকায় এটি দ্বিতীয়বারের মতো কোনো ডেস্ট্রয়ারের বিদ্যুৎ হারানোর ঘটনা। ইরানবিরোধী অভিযানে দীর্ঘ সময় ধরে বন্দরে নোঙর করতে না পারার কারণে আব্রাহাম লিংকন জাহাজের নাবিকদের মানসিক স্বাস্থ্য ও মনোবল নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, এই ঘটনাটি মার্কিন নৌবাহিনীর ওপর সেই চাপকে আরও স্পষ্ট করে তুলেছে।

