ফ্লোরিডায় এ বছর ১৩তম মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি, তালিকায় আরও দুই বন্দি

ফ্লোরিডার স্টেট প্রিজন এলাকায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ৬১ বছর বয়সী উইলিয়াম ফ্রান্সিস সিলভিয়ার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে। স্ত্রী প্যাট্রিসিয়া সিলভিয়াকে গুলি করে হত্যা এবং শাশুড়ি বেটি উডার্ডকে আহত করার দায়ে তাকে এই দণ্ড দেওয়া হয়েছে। রিপাবলিকান গভর্নর রন ডিসান্টিসের শাসনামলে ফ্লোরিডায় মৃত্যুদণ্ড কার্যকরের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

আদালতের নথি অনুযায়ী, ২০০৬ সালে সিলভিয়া একটি শটগান কেনেন এবং অরল্যান্ডো এলাকায় তার শাশুড়ির বাড়িতে যান। সেখানে পারিবারিক এক অনুষ্ঠানের সময় স্ত্রীর সঙ্গে পুনর্মিলনের ব্যর্থ চেষ্টা চালিয়ে তিনি ট্রাক থেকে অস্ত্র বের করে দুই নারীকে গুলি করেন। ২০০৮ সালে প্রথমবার মৃত্যুদণ্ড পাওয়ার পর আইনি জটিলতায় তা বাতিল হলেও, ২০১৮ সালে নতুন করে বিচার প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

সিলভিয়ার আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন যে, ক্যাপিটাল কোলাটেরাল রিজিওনাল কাউন্সেল অন্য এক বন্দিকে সহায়তা করায় তাকে পর্যাপ্ত আইনি সহায়তা দিতে ব্যর্থ হয়েছে। তবে ফ্লোরিডা সুপ্রিম কোর্ট এই আবেদন খারিজ করে দেয়। বর্তমানে মার্কিন সুপ্রিম কোর্টে তার একটি চূড়ান্ত আপিল ঝুলে আছে।

চলতি বছর যুক্তরাষ্ট্রে মোট ২২টি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, যার অর্ধেকেরও বেশি ঘটেছে ফ্লোরিডায়। এই নিয়ে রাজ্যটিতে ১৩তম বারের মতো মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। গত বছর ফ্লোরিডায় রেকর্ড ১৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, যা ১৯৭৬ সালে মৃত্যুদণ্ড পুনর্বহালের পর সর্বোচ্চ। জুলাই মাসে রাজ্যটি একই দিনে দুই বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করে, যা গত এক দশকের মধ্যে প্রথম ঘটনা।

ফ্লোরিডা ডিপার্টমেন্ট অব কারেকশনস জানিয়েছে, তাদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় তিনটি ওষুধের মিশ্রণ ব্যবহার করা হয়—একটি সেডেটিভ, একটি প্যারালাইটিক এবং হৃদস্পন্দন বন্ধ করার ওষুধ।

আগামী সেপ্টেম্বর মাসে আরও দুটি মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১ সেপ্টেম্বর ৭৪ বছর বয়সী হ্যারল্ড জিন লুকাস এবং ১০ সেপ্টেম্বর ৭২ বছর বয়সী ড্যানিয়েল ওয়েন কোনাহান জুনিয়রের দণ্ড কার্যকর হওয়ার কথা।

লুকাস এক কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হওয়ার পর তাকে গুলি করে হত্যা এবং তার দুই বন্ধুকে আহত করার দায়ে দণ্ডিত। অন্যদিকে, কোনাহান নগ্ন ছবি তোলার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তিকে অপহরণ ও শ্বাসরোধ করে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। নব্বইয়ের দশকে দক্ষিণ-পশ্চিম ফ্লোরিডায় ঘটে যাওয়া একই ধরনের আরও কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনায় তাকে সন্দেহ করা হচ্ছে।