ডিটেকটিভ পদে পদোন্নতি পেলেন বাংলাদেশি-আমেরিকান ইকবাল হোসেন, গর্বিত প্রবাসী কমিউনিটি

নিউইয়র্ক, ৬ সেপ্টেম্বর – যুক্তরাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীতে আরেকটি গর্বের ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ইকবাল হোসেন। তিনি সম্প্রতি ডিটেকটিভ – র‍্যাংক ওয়ান পদে পদোন্নতি পেয়েছেন। তার এই অসামান্য অর্জনে উচ্ছ্বসিত পুরো বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি।

ইকবাল হোসেনের এই পদোন্নতি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি আমেরিকার মূলধারায় বাংলাদেশিদের অবদান ও সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ছোটবেলা থেকে সততা, সাহস ও কঠোর পরিশ্রমকে পাথেয় করে তিনি আজ এই সম্মানজনক অবস্থানে পৌঁছেছেন। তার সহকর্মীরা জানিয়েছেন, একজন নিষ্ঠাবান ও মেধাবী অফিসার হিসেবে ডিপার্টমেন্টে তার সুনাম রয়েছে।

এই আনন্দঘন মুহূর্তে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল (BACC) এর পক্ষ থেকে এক অভিনন্দন বার্তায় বলা হয়, “আমরা ইকবাল হোসেনের এই পদোন্নতিতে অত্যন্ত গর্বিত। আপনি আমাদের সকল বাংলাদেশি-আমেরিকানকে গর্বিত করেছেন। আপনি আমাদের নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা। BACC এর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।”

কমিউনিটির নেতৃবৃন্দ মনে করেন, ইকবাল হোসেনের মতো অফিসাররা আমেরিকায় বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জ্বল করছেন এবং নতুন প্রজন্মকে আইন প্রয়োগকারী সংস্থায় যোগ দিতে উৎসাহিত করছেন।

BACC আশা প্রকাশ করেছে, ভবিষ্যতেও তিনি সততা ও নিষ্ঠার সাথে কমিউনিটির সেবা ও নিরাপত্তায় কাজ করে যাবেন।