‘দ্য ওডিসি’ এবং ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার তারকা টম হল্যান্ড জানিয়েছেন, অতীতে এমন কিছু সিনেমায় তিনি অভিনয় করেছেন যেগুলোর প্রচার চালানো তার জন্য বেশ অস্বস্তিকর ছিল।
বুধবার ‘ডিশ’ পডকাস্টে উপস্থাপক নিক গ্রিমশ এবং অ্যাঞ্জেলা হার্টনেটের সঙ্গে আলাপকালে হল্যান্ড জানান, তার নতুন দুটি ব্লকবাস্টার সিনেমার প্রচার করতে গিয়ে তিনি বেশ আনন্দ পাচ্ছেন। তিনি বলেন, যখন নিজের কাজ নিয়ে গর্ব থাকে, তখন প্রচারের কাজ সহজ হয়ে যায়।
হল্যান্ড আরও বলেন, আগে এমন অনেক অভিজ্ঞতা হয়েছে যেখানে মানুষ জানতে চেয়েছে কেন তারা সিনেমাটি দেখবে। তখন মনের ভেতর মনে হতো, সিনেমাটি আসলে দেখার মতো নয় কারণ সেটি মানসম্মত ছিল না। তবে এবারের অভিজ্ঞতা ভিন্ন।
চলতি বছরটি হল্যান্ডের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তার অভিনীত ‘দ্য ওডিসি’ এবং নতুন ‘স্পাইডার-ম্যান’ সিনেমা মুক্তি পাচ্ছে, যার মধ্যে স্পাইডার-ম্যান শুক্রবার যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে। তিনি এই সময়টিকে নিজের ক্যারিয়ারের এক ধরনের ‘ভিক্টরি ল্যাপ’ হিসেবে বর্ণনা করেছেন।
সিনেমার প্রচারের কৌশল শিখতে সহ-শিল্পী অ্যান হ্যাথাওয়ের প্রশংসা করেছেন হল্যান্ড। গত তিন দিন ধরে হ্যাথাওয়ের সঙ্গে প্রচারণায় অংশ নিয়ে তিনি অনেক কিছু শিখেছেন বলে জানান। তিনি হ্যাথাওয়েকে একজন অত্যন্ত পেশাদার শিল্পী হিসেবে উল্লেখ করেন।
ব্যক্তিগত জীবনেও বছরটি হল্যান্ডের জন্য বিশেষ। দীর্ঘদিনের প্রেমিকা জেন্ডায়ার সঙ্গে তার বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল মার্চ মাসে। ২০১৭ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমার সেটে তাদের পরিচয় এবং ২০২১ সালে সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। পডকাস্টে হল্যান্ড জেন্ডায়াকে নিজের ‘স্ত্রী’ হিসেবে সম্বোধন করে তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

