জুম কলে ৯০০ কর্মী ছাঁটাই করা বেটার-এর সাবেক সিইও বিশাল গর্গ পুনরায় দায়িত্ব চেয়েছেন

বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সদ্য অপসারিত সিইও বিশাল গর্গ তার স্থলাভিষিক্ত ড্যানিয়েল লুইসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন। গর্গ দাবি করেছেন, লুইস কোম্পানির কৌশল পছন্দ করার কথা বলে এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রশংসা করে বোর্ডের আস্থা অর্জন করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে সরিয়ে নিজেই সিইও হয়েছেন। গত ৩ আগস্ট গর্গকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

২০২১ সালের ছুটির মৌসুমের ঠিক আগে জুম কলের মাধ্যমে ৯০০ কর্মীকে ছাঁটাই করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন গর্গ। সেই ঘটনার পর থেকে কোম্পানিটি নানা সংকটের মধ্য দিয়ে গেছে। মহামারীর সময় যখন মর্টগেজ রেট ৩ শতাংশের নিচে ছিল, তখন কোম্পানিটির বাজারমূল্য ছিল ৮ বিলিয়ন ডলার। কিন্তু বর্তমানে মর্টগেজ রেট ৭ শতাংশের কাছাকাছি পৌঁছানোয় এবং রিফাইন্যান্সিং ব্যবসা সংকুচিত হওয়ায় কোম্পানিটির বাজারমূল্য কমে মাত্র ৩০০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

গর্গ দায়িত্ব পালনকালে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। এর মধ্যে রয়েছে জুম ছাঁটাইয়ের পর তার সাময়িক ছুটি, হুইসেলব্লোয়ার মামলা, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তদন্ত এবং ২০২৩ সালের একটি বিপর্যয়কর এসপিএসি (SPAC) মার্জার, যার ফলে কোম্পানির শেয়ারের দাম ৯৩ শতাংশ পড়ে গিয়েছিল। তবে গর্গ দাবি করেন, তিনি কোম্পানিটিকে সাফল্যের পথে ফিরিয়ে আনার খুব কাছাকাছি ছিলেন।

কোম্পানির বার্ষিক বিক্রয় ২০২১ সালের ১.৫ বিলিয়ন ডলার থেকে কমে ২০২৩ সালে ৭০ মিলিয়ন ডলারে নেমে এসেছিল। তবে গর্গ জানান, এ বছর কোম্পানিটি ২০০ মিলিয়ন ডলার বিক্রয়ের পথে রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মর্টগেজ প্রক্রিয়া দ্রুততর করার ফলে উৎপাদনশীলতা দ্বিগুণ হয়েছে এবং ঋণ প্রদানের খরচ ৫০ শতাংশ কমেছে। ইন্টুইট, কয়েনবেস এবং ওপেনএআই-এর মতো প্রতিষ্ঠানগুলো তাদের মর্টগেজ সেবার জন্য বেটার-এর সাথে যুক্ত হয়েছে।

গর্গ স্বীকার করেছেন যে তার কঠোর কর্মপদ্ধতি এবং জুম ছাঁটাইয়ের ঘটনা কোম্পানির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে। তবে তিনি দাবি করেন, লুইস বোর্ডকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে তিনি যথেষ্ট কঠোর ছিলেন না। লুইস গত ২৭ জুলাই বোর্ডে যোগ দেন এবং এক সপ্তাহের মধ্যেই অন্য পরিচালকদের রাজি করিয়ে গর্গকে সরিয়ে নিজে সিইও হন। লুইস বা বেটার কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে ৪ আগস্ট লুইস এক্সে লিখেছেন, বিশাল গর্গ ছাড়া বেটার-এর অস্তিত্ব কল্পনা করা যায় না।

লুইসের দায়িত্ব নেওয়ার পর থেকে কোম্পানির শেয়ারের দাম ৪৫ শতাংশ কমেছে। গর্গ দাবি করেছেন, অনেক বিনিয়োগকারী তাকে পুনরায় সিইও হিসেবে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন। তার কাছে থাকা বিশেষ ভোটিং ক্ষমতা সম্পন্ন ক্লাস বি শেয়ারের মাধ্যমে তিনি পুনরায় দায়িত্ব ফিরে পাওয়ার মতো ভোট নিশ্চিত করতে পারবেন বলে মনে করছেন।

তিনি প্রখ্যাত আইনজীবী অ্যালেক্স স্পিরোকে নিয়োগ দিয়েছেন এবং সোমবার বোর্ডকে চিঠি দিয়ে সিইও পদে পুনর্বহালের দাবি জানিয়েছেন। গর্গ প্রস্তাব দিয়েছেন যে, কোম্পানিটি মুনাফায় না ফেরা পর্যন্ত তিনি বছরে মাত্র ১ ডলার বেতনে কাজ করবেন এবং এরপর সিইও পদ থেকে সরে দাঁড়াবেন। তিনি বলেন, এটি তার ১০ বছরের কাজের স্বীকৃতি এবং যদিও সব সিদ্ধান্ত নিখুঁত ছিল না, তবুও কোম্পানির ভবিষ্যৎ উজ্জ্বল।